মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক, বগুড়ায় চাঞ্চল্য

বগুড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলমান এসএসসি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন। শুক্রবার দুপুরে বগুড়া জিলা স্কুল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

BOUB_SSC_2026

আটক হওয়া শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা জীবন শেখের মেয়ে।

পরীক্ষা কেন্দ্র ও পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন দুপুর ২টা থেকে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন। অভিযোগ অনুযায়ী, তার হয়ে একই কক্ষে প্রক্সি দিতে বসেন প্রতিবেশী কলেজছাত্রী ঈশিতা আক্তার তিশা।

পরীক্ষার এক পর্যায়ে কক্ষ পরিদর্শকের সন্দেহ হলে উত্তরপত্র ও প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারায় গরমিল ধরা পড়ে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ঈশিতা নিজেই অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপরই কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

তবে অভিযোগ অস্বীকার করে নিপা খাতুন দাবি করেন, তিনি পরীক্ষার সময় অসুস্থ এক স্বজনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এবং সাময়িকভাবে একজন আত্মীয়কে কেন্দ্রে বসিয়ে রেখেছিলেন। তার ভাষায়, বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে জটিল হয়েছে।

এদিকে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, আটক শিক্ষার্থী বর্তমানে থানায় পুলিশ হেফাজতে আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, নিপা খাতুন তার খালা হন এবং পারিবারিক সম্পর্কের কারণে তিনি পরীক্ষায় অংশ নিতে যান।

ওসি আরও জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে এবং পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Teachers Amar Deal 2